হামে একদিনে ৯ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ভর্তি ২ হাজার ছাড়াল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা একদিনে দুই হাজার ছাড়িয়েছে। এতদিন একদিনে ভর্তির সংখ্যা দুই হাজারের নিচে ছিল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬ জনের। চলতি মাসের ২৭ দিনে ভর্তি হয়েছে ৩৭ হাজার ৮৪৮ জন, মৃত্যু হয়েছে ১২৮ জনের। এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায় চট্টগ্রাম, বরিশাল, ঢাকা বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে এবং খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের চারজন নারী, দুজন পুরুষ। ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২২৭, চট্টগ্রামে ৩৪৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭, খুলনায় ৩২৯, ময়মনসিংহে ১৩২, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৭৩ ও সিলেটে ১২ জন ভর্তি হয়েছেন।

 স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন। মৃত্যু হয়েছে ২২৫ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন।

হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৮ হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৯৬ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। বাকি ৯৯৫ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

সর্বশেষ সর্বাধিক পঠিত