পবিপ্রবিতে দুই আধুনিক গবেষণাগার উদ্বোধন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

মাছ ও সামুদ্রিক খাদ্যপণ্যের গুণগত মান, নিরাপত্তা ও ভেজাল দ্রুত শনাক্তে আধুনিক গবেষণার নতুন সুযোগ তৈরি হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)। ফ্লুরোসেন্স ফিঙ্গারপ্রিন্টিং ও কেমোমেট্রিকস প্রযুক্তি ব্যবহার করে অল্প সময় নমুনা বিশ্লেষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে দুটি আধুনিক গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অভ্যন্তরে পূর্বের ‘সিফুড প্রসেসিং, কোয়ালিটি অ্যান্ড সেফটি ল্যাবরেটরি’র সংস্কার ও আধুনিকায়নকৃত অংশ এবং খামার ভবনে নবনির্মিত ‘অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল ল্যাবরেটরিতে ফ্লুরোসেন্স ফিঙ্গারপ্রিন্টিং যন্ত্র, ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিসহ (এফটিআইআর) প্রায় ১৫ ধরনের আধুনিক যন্ত্রপাতি ও সহায়ক সরঞ্জাম রয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে মাছ ও সামুদ্রিক খাদ্যের সতেজতা, গুণগত মান, রাসায়নিক পরিবর্তন, আসলত্ব এবং বিভিন্ন মান ও নিরাপত্তা নির্দেশক দ্রুত মূল্যায়নের সুযোগ তৈরি হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ল্যাবরেটরিটির অন্যতম প্রধান গবেষণা লক্ষ্য হলো ফ্লুরোসেন্স ফিঙ্গারপ্রিন্ট ও কেমোমেট্রিকস প্রযুক্তি ব্যবহার করে সামুদ্রিক খাদ্য ও মৎস্যজাত পণ্যের গুণমান ও নিরাপত্তা বিশ্লেষণের জন্য দ্রুত, অক্ষত নমুনাভিত্তিক ও পরিবেশবান্ধব পদ্ধতি উন্নয়ন করা।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ অর্থায়নে পরিচালিত হিট উপপ্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার ও ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হচ্ছে। গবেষণাটির শিরোনাম ‘ডেভেলপমেন্ট অব আ র্যাপিড, নন-ইনভেসিভ অ্যান্ড ইকো-ফ্রেন্ডলি টেকনোলজি ফর সিফুড কোয়ালিটি অ্যান্ড সেফটি অ্যানালাইসিস ইউজিং ফ্লুরোসেন্স ফিঙ্গারপ্রিন্ট কাপলড উইথ কেমোমেট্রিকস।

সংশ্লিষ্টরা জানান, প্রচলিত পদ্ধতিতে সামুদ্রিক ও জলজ খাদ্যপণ্যের গুণগত মান নির্ণয় এবং মাইক্রোপ্লাস্টিক শনাক্তে নমুনা প্রস্তুতিসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে বেশি সময় ও শ্রম লাগে। বিশেষ করে মাইক্রোপ্লাস্টিক শনাক্তে প্রচলিত পদ্ধতিতে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ফিঙ্গারপ্রিন্টিংভিত্তিক প্রযুক্তিতে তুলনামূলকভাবে কম সময় নমুনার রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা সম্ভব। এ পদ্ধতিতে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে মাইক্রোপ্লাস্টিক শনাক্তের সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া বিভিন্ন ধরনের ভেজাল শনাক্তেও ফিঙ্গারপ্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা যাবে। তুলনামূলকভাবে সরল নমুনা প্রস্তুতির মাধ্যমে খাদ্যপণ্যে থাকা অনাকাঙ্ক্ষিত উপাদান শনাক্তের সুযোগ থাকায় খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতেও প্রযুক্তিটি কাজে লাগানো যেতে পারে।

উদ্বোধনের পর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানসহ অতিথিরা দুটি গবেষণাগারের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় অধ্যাপক ড. মো. মিজানুর রহমান গবেষণাগারে স্থাপিত আধুনিক যন্ত্রপাতির ব্যবহারিক গুরুত্ব, নমুনা প্রস্তুত ও বিশ্লেষণের পদ্ধতি এবং ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন হিট-এটিএফ উপপ্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার ও ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠান শেষে পবিত্র দোয়া ও মোনাজাতের মাধ্যমে সার্বিক কল্যাণ ও সফলতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, গবেষক, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত