কিশোর অপরাধ প্রতিরোধ

চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

কিশোর অপরাধ প্রতিরোধ ও কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে চট্টগ্রাম জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৪৫ জনকে আটক করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়ে নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, রবিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৭টি থানার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোর আড্ডার সম্ভাব্য স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ৪৪৫ কিশোরকে শনাক্ত করা হলেও ৩৫৪ জন কিশোরকে থানায় নিয়ে যাওয়া হয়।

পরে যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়। এছাড়া অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ১৫২ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। একই সঙ্গে অভিযান কার্যক্রমে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছে পুলিশ প্রশাসন।

কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় জেলা পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত