মঠবাড়িয়ায় গরু ব্যবসায়ীকে হাতুড়ি পেটানোর অভিযোগ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম
পিরোজপুরের মঠবাড়িয়ায় গরুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে আওয়াল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
 
পরে আওয়াল মিয়ার স্ত্রী মোর্শেদা রওশন লাভলী চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে শামীম পহলান (৩৪), শাহীন পহলান (৪৩), ইয়াকুব হাওলাদার (২৬) ও মনির পহলানকে (৩২) আসামি করা হয়েছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, আওয়াল মিয়া মঠবাড়িয়ার সাপলেজা বাজারে গরুর ব্যবসা করেন। অভিযুক্তদের কয়েকজনও একই বাজারে গরুর ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর জেরে আওয়ালকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হতো।
 
অভিযোগে বলা হয়, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাপলেজা মাছ ও গরুর বাজারের টোলঘরের কাছে আওয়ালের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ সময় হাতুড়ি ও লাঠি দিয়ে তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তার পকেটে থাকা ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।
 
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে শামীম পহলান বলেন, আওয়ালের সঙ্গে আগে থেকেই একটি বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই দিন বাজারের টোলঘরে দুজনের মধ্যে উত্তেজিত হয়ে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের শান্ত করে দেয়। কোনো মারধর বা হামলার ঘটনা ঘটেনি।
 
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, উপজেলার সাপলেজা বাজারের গতকাল দুপুরে কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার রাতে ভুক্তভোগী আওয়ালের স্ত্রী মোর্শেদা রওশন লাভলী চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা রুজু করা হবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত