গাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণ করার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিযুক্ত ছাত্রদল নেতার নাম রিজভী হোসেন। সে উপজেলার পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তার বাড়ি মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে। ওই গ্রামের মনির হোসেনের ছেলে ছাত্রদল নেতা রিজভী হোসেন।
একই কলেজের এক নারী শিক্ষার্থীর পরিবার অপহরণের অভিযোগ তোলেন। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীর পরিবার।
জানা যায়, পিয়ার আলী কলেজের দ্বিতীয় বর্ষের নারী শিক্ষার্থীকে কলেজে যাওয়া আসার পথে প্রায় সময় উত্যক্ত করতো ছাত্রদল নেতা রিজভী হোসেন। বিষয়টি ছাত্রী তার পরিবারে জানালে ছাত্রদল নেতা রিজভীকে বারণ করেন। পরে বিয়ের প্রস্তাব দেয়। শিক্ষার্থীর পরিবার নাকচ করলে ক্ষিপ্ত হয় ছাত্রদল নেতা রিজভী হোসেন। পরে গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে কলেজ ছাত্রী বাসার বাহিরে বের হলে রিজভী তার কর্মী সমর্থক নিয়ে জোর করে তুলে নিয়ে যায়।
এ ঘটনা প্রকাশ পেলে তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের আদেশ দেন।
বহিষ্কৃত ছাত্রদল নেতা রিজভী হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন জানান দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ উঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কলেজ শাখা ছাত্রদলের পদ থেকেও তাকে বিহিষ্কার করা হয়েছে।
মাওনা পুলিশ ফাঁড়ির এসআই শাহীনুর ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করেছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।