ডা. এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সংবর্ধনা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ও ক্যান্সার গবেষক ডা. এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব। ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. এস এম সরওয়ারকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। তিনি বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হিসেবে পরিচিত। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ডা. কর্নেল (অব.) শহিদুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন স্বনামধন্য সাংবাদিক, দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. জহিরুল ইসলাম কলিম।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. জহিরুল ইসলাম কলিম বলেন, ‘সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের কল্যাণে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের সম্মান ও স্বীকৃতি দেওয়াও আমাদের দায়িত্ব। ডা. এস এম সরওয়ার ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় যে অবদান রেখে চলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা সম্মানিত ও গর্বিত।’

তিনি বলেন, মানুষের কল্যাণে চিকিৎসক, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ডিজিটাল ফিউচার মিডিয়ার প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের যে ক্যান্সার হাসপাতাল আছে, ওই হাসপাতালে বছরে কতজন রোগী ভালো হয়েছেন, তার প্রমাণ দেখাতে হবে। অথবা ডা. এস এম সরওয়ার ক্যান্সার চিকিৎসা করে যে পাঁচ হাজার রোগী ভালো করেছেন, তার প্রমাণ নিক। আমরা সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যা সত্য, তা তুলে ধরার জন্য। অথবা ডা. এস এম সরওয়ারের ক্যান্সার চিকিৎসাকে সরকারের স্বীকৃতি দেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আলম।

স্বাগত বক্তব্যে মাহাবুব আলম বলেন, ‘ডা. এস এম সরওয়ার একজন বিশিষ্ট চিকিৎসক ও ক্যান্সার গবেষক। ক্যান্সার চিকিৎসায় তার দীর্ঘদিনের অবদানকে সম্মান জানানো এবং তাকে আমাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে যুক্ত করা আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব সবসময় সমাজের কল্যাণে কাজ করা গুণী ও মানবিক ব্যক্তিদের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে মানুষের কথা তুলে ধরা। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে যারা অবদান রাখছেন, তাদের কাজকে মানুষের সামনে তুলে ধরাও আমাদের দায়িত্ব।’

সংবর্ধিত অতিথি ডা. এস এম সরওয়ার তার বক্তব্যে বলেন, ‘ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আশা করি, গণমাধ্যম সমাজে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ক্যান্সার চিকিৎসার পাশাপাশি রোগী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সভাপতি, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস); এম. ওয়াহিদ মজুমদার, সভাপতি, ঢাকাস্থ লালমাই উপজেলা বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি; লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া, চেয়ারম্যান, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা; মো. আলমগীর গনি, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা; এস এম জহিরুল ইসলাম, চেয়ারম্যান, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ); শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন; কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ, মহাসচিব, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ; মো. মনিরুজ্জামান মনির, চেয়ারম্যান, প্রবাসী মানবাধিকার কল্যাণ ফাউন্ডেশন এবং কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, সহসভাপতি, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানসহ ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রাজিবুল হক রনি।

আয়োজকরা জানান, ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদান রাখার পাশাপাশি ডা. এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করায় তার প্রতি সম্মান ও শুভেচ্ছা জানাতেই এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত