সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা পাওয়া’র ঘোষণা-সংক্রান্ত দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলির সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মুসা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার, মোহাম্মদ ইমাম হোসেন তারেক। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা দেশ রূপান্তরকে বলেন, ‘এটা হাইকোর্টের অবকাশকালীন (১৬ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অবকাশ) বেঞ্চ। এ রিট আবেদনের ওপর একটু লম্বা শুনানি হবে। জ্যেষ্ঠ বিচারপতি অবকাশে আর বসবেন না। এ জন্য তিনি আবেদনটি কার্যতালিকা থেকে ডিলিট (বাদ) করেছেন। আমরা আবেদনটি অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে উপস্থাপন করব।’ গত রবিবার আসিফ মাহমুদের পক্ষে এ রিট আবেদনটি করা হয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র।