মেয়েজামাই প্রসঙ্গে এমপি গফুর

ব্যক্তিগত বিরোধে গ্রেপ্তার, জামায়াতের সঙ্গে সম্পর্ক নেই

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ এএম

রাজধানীর মাটিকাটা এলাকায় নিউগিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় জামাতা মিজানুর রহমান গ্রেপ্তারের পর বিবৃতি দিয়েছেন জামায়াতের সংসদ সদস্য মো. আব্দুল গফুর। তিনি দাবি করেছেন, মিজানুর রহমানের সঙ্গে নিউগিনি প্রোপার্টিজের বিরোধ সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়। এর সঙ্গে তার বা জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।

গত সোমবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার লিখিত বিবৃতি দেন সংসদ সদস্য আব্দুল গফুর। তিনি বলেন, মিজানুর রহমানকে এমপির ব্যক্তিগত বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবর ঠিক নয়। মাটিকাটায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই এবং তিনি সরকারি বরাদ্দের ‘ন্যাম ভবনে’ থাকেন। এ ধরনের তথ্য যাচাই না করে প্রকাশের মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

আব্দুল গফুর দাবি করেন, মিজানুর রহমানের সঙ্গে নিউগিনি প্রোপার্টিজের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানটির কাছে মিজানুরের পাওনা টাকা বকেয়া ছিল এবং তা আদায়ের জন্য তিনি আইনগত ব্যবস্থা নিয়ে থানায় মামলা করেছিলেন। তার ভাষ্য, ওই মামলার পর প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম পাওনা টাকার একটি অংশ পরিশোধও করেছিলেন। পরে বাকি টাকা না দেওয়ার উদ্দেশ্যে পাল্টা মামলা করা হয়, যা পরে খারিজ হয়ে যায়। নিউগিনি প্রোপার্টিজে সম্প্রতি ঘটে যাওয়া ভাঙচুর ও অন্যান্য ঘটনার সঙ্গে মিজানুর রহমানের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন আব্দুল গফুর। তার অভিযোগ, বিষয়টি ভিন্ন খাতে নিতে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন।

এমপি বলেন, মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। একটি ব্যক্তিগত ঘটনাকে দলের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সব পক্ষের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।প

সর্বশেষ সর্বাধিক পঠিত