ভোলায় সাংবাদিকের ওপর হয়রানিমূলক মামলার প্রতিবাদে সভা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

ভোলায় চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশুর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল আলম সজিবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ভোলার সাংবাদিক সমাজ।

এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ভোলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও ভিত্তিহীন মামলা দিয়ে গণমাধ্যমের মুক্ত কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।

বক্তারা অবিলম্বে আশরাফুল আলম সজিবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মোকাম্মেল মিশুর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন ভোলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সুলাইমান, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুনু রায়হান ও সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি মো. ইউনুস শরীফ, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মো. আনোয়ার পারভেজ, এস এ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন এবং ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের সদস্য সচিব মীর মোশারফ অমি প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত