ভারতে পাচারের সময় যশোরের শার্শার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ২৬টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রিপন হোসেন (৪১) নামে এক পাচারকারীকে আটক করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সোনা সহ তাকে আটক করা হয়।
আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি জানায়, মঙ্গলবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সোনার একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বাগআঁচড়া বাজার এলাকার বাবু সুপার মার্কেটে পাচারকারী অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রপুর ক্যাম্পের বিজিবির একটি দল ওই মার্কেটে অভিযান চালিয়ে রিপন হোসেন নামে এক পাচারকারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২৬টি সোনার বারসহ পাচারকাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও ১টি স্মার্টঘড়ি জব্দ করা হয়।
জব্দ করা সোনার ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম, যার বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ টাকা বলে জানায় বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, শার্শার বাগআঁচড়া বাজার এলাকা থেকে ২৬টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনার বারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।