সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ এএম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থাটি দেশের বিভিন্ন ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা ই-মেইলে পাঠিয়েছে। একই সঙ্গে বিএফআইইউর একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তলব করা তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। নির্দেশনায় সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়েছে। এ ছাড়া তার নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি বিএফআইইউর পাঠানো এক্সেল ফাইলে তার হিসাব-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

বিএফআইইউর ই-মেইলে বলা হয়েছে, মুক্তাদিরের লেনদেন-সংক্রান্ত তথ্য তলবের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

এদিকে সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকায় সালমান মুক্তাদিরের স্টডিও ভাঙচুরের ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন আসবাব ও জিনিসপত্র ভাঙচুর করে। এরপর থেকে তার পক্ষে বিপক্ষে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

নিউ গিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর, সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার : এদিকে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বিকেল পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।

গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় নিউ গিনি আবাসন প্রকল্প এবং আশপাশের স্থাপনায় অস্ত্রধারীদের হামলার ঘটনা ঘটে। এর মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’ও আক্রান্ত হয়। পরে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া মামলা করেন। সেখানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫০ থেকে ২০০ জনকে। ওই মামলায় গত সোমবার পর্যন্ত থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলেন শাহরিয়ার মাহমুদ, মামুন, আসলাম, মুন্না ও শাহ আলম অনিক। এরপর সোমবার রাতে মাটিকাটা এলাকা থেকে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি।

নিউ গিনি প্রকল্পের একাধিক কর্মকর্তা ও তদন্তসংশ্লিষ্ট পুলিশ সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে বলেন এই আবাসন প্রকল্পে যাতায়াতের জায়গা নিয়েই মূলত ঝামেলার সূত্রপাত। ধীরে ধীরে সেই বিরোধ বড় আকার ধারণ করেছে। তাদের ভাষ্য, ৩৫ কাঠা জমিতে মামলার চার নম্বর আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ আরও কয়েকজন মিলে আবাসন প্রকল্প করতে চাইছেন। তবে জায়গাটির চারপাশে যাতায়াতের মতো সড়ক নেই। একমাত্র যাতায়াতের পথ নিউ গিনি আবাসন প্রকল্পের ১ নম্বর ফটক দিয়ে যাওয়া সড়কটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত