গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে।
বুধবার রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদের দায়িত্ব আপাতত স্থগিত করা হলো। দলের সুনাম অক্ষুণ্ন রাখা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে সংগঠনের কোনো কর্মকাণ্ডে যুক্ত না থাকার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে। তবে কী কারণে পদ স্থগিত করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।