বিমানের ৪ কর্মকর্তাকে সকালে বদলি, বিকেলে স্থগিত

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলি ও পদায়নের পর বিকেলেই সেই আদেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পৃথক আদেশে তাদের বদলি ও পরে ওই আদেশ স্থগিত করা হয়।

বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের ব্যবস্থাপক প্রশাসন (পার্সোনেল) ওম্মে কুলছুম স্বাক্ষরিত আদেশে এয়ার কমডোর মো. মঞ্জুর-ই-আলমকে প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক পদ থেকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক করা হয়।

এ ছাড়া মো. রাশেদুল করিমকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের মূল দায়িত্বের পাশাপাশি কার্গো বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। পরিচালক এম. মাসুদুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক পদ থেকে একই পদমর্যাদায় প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগে বদলি করা হয়।

অন্যদিকে, এ আর এম কায়সার জামানকে প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) হিসেবে প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের মূল দায়িত্বের পাশাপাশি পরিচালক (প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) পদে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

সকালের আদেশে এসব বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছিল। পরে বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের সহকারী ব্যবস্থাপক প্রশাসন (পার্সোনেল) কাজী রাজীব হোসেন স্বাক্ষরিত পৃথক আদেশে সকালে জারি করা বদলি ও পদায়নের আদেশ স্থগিত করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত