কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সড়কির আঘাতে টেঙ্গুর আলী মণ্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে আগ্নেয়াস্ত্রের গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে তাদের দাবি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন চড়ইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টেঙ্গুর মণ্ডল ওই এলাকার বাসিন্দা মৃত দৈয়ব মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আজাহার মেম্বার এবং নিহত টেঙ্গুর মণ্ডলের বড় ভাই ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটলের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাতে ভারত থেকে আসা একটি মাদক চালানকে কেন্দ্র করে আজাহার মেম্বারের পক্ষের লোকজনের সঙ্গে পটলের পক্ষের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত দুই দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, বাগ্বিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় পটলের পক্ষের টেঙ্গুর মণ্ডল পেটে সড়কির আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পদ্মা নদীপথে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে তার মৃত্যু হয়।
সংঘর্ষে সুমন মিয়া (৫০), হাদু মণ্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মণ্ডল (৬০) ও রাজু মণ্ডল (৩০) আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা চড়ইকুড়ি গ্রামের বিএনপি নেতা আজাহার মেম্বার ও পটলের পক্ষের মধ্যে গত দুই-তিন দিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষ হয়। এতে টেঙ্গুর নামে একজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। ভারত সীমান্ত দিয়ে আসা মাদক ও পাতার বিড়ির ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি-সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় টেঙ্গুর মণ্ডল নামে এক ব্যক্তি নিহত হওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় মামলা করতে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।