আবু সাঈদ হত্যা

বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ এএম

২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকা-ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তা-কর্মচারীকেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়টি গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেন।

স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষকরা হলেন গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান ম-ল ওরফে আসাদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। যারা এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ কর্তৃক বিভিন্ন মেয়াদে শাস্তিও পেয়েছেন।

অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী ম-ল, নিরাপত্তাকর্মী নুর আলম মিয়া এবং এমএলএসএস একেএম আমির হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

গত ৯ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এর আগে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদ- দেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত