ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম

ভারতের মহারাষ্ট্রে ছুটি কাটাতে গিয়ে মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেগর সমুদ্রসৈকতে ডুবে মৃত্যু হয়েছে পুনের আট কিশোর শিক্ষার্থীর। প্রত্যেকেরই বয়স ছিল ১৬ বছর। পুলিশ জানিয়েছে, সমুদ্রের প্রবল স্রোতে ভেসে যাওয়ার পর তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির। 

পুলিশ সূত্রে জানা গেছে, পুনে জেলার আলন্দির একটি বেসরকারি কোচিং সেন্টার ‘উইনার্স অ্যাকাডেমি’র ৪৮ জনের একটি দল প্রায় ১৭০ কিলোমিটার দূরে দিভেগরে বেড়াতে গিয়েছিল। দলের মধ্যে ছিলেন ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে এবং ছয়জন শিক্ষক।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সাড়ে ৫টার দিকে দলটি সমুদ্রসৈকতে পৌঁছায়। এরপরই আট শিক্ষার্থী সমুদ্রে নামলে পানির গভীরতা ও স্রোতের তীব্রতা সঠিকভাবে বুঝতে না পেরে তারা প্রবল স্রোতে ভেসে যায়। 

ঘটনার পর দিভেগরের ‘ভাউ মারুতি সালুঙ্খে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুঙ্খে ও তাঁর দলের সদস্যরা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা সমুদ্রে অভিযান চালিয়ে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতে পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ মরদেহগুলো উদ্ধার করে বোরলি পঞ্চায়তনের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সেখানে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। 

নিহত শিক্ষার্থীদের পরিচয় হলো—তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকর, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়ানখেড়ে, সোহম তুকারাম ভান্ডালকর এবং কৌস্তুভ সন্দীপ দৌন্ড।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ আলন্দিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন সমন্বয় করে কাজ করছে।

এদিকে, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনার জন্য কোচিং অ্যাকাডেমির জবাবদিহি নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন। পাশাপাশি, স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে শিগগিরই নতুন নির্দেশিকা জারি করা হবে বলেও তিনি জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত