গাজীপুরে গোপন বৈঠকের অভিযোগে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম

 কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গোপন বৈঠকের অভিযোগে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরীর বাসন থানার পেছনে মৃত্তিকা টাওয়ার নামে একটি ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার কামাল কাজী (৫৪) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাপুর ইউনিয়ন যুবলীগের নেতা মো. রাকিবুল ইসলাম রকিব (৪৭)।

বাসন থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মৃত্তিকা টাওয়ারে কামাল কাজী ও রাকিবুল ইসলাম রকিবসহ কয়েকজন গোপন বৈঠক করছিলেন। পুলিশের দাবি, সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বৈঠক হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাসন থানা পুলিশের একটি দল ওই ভবনে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার কামাল কাজী ও রাকিবুল ইসলাম রকিবের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। গাজীপুরে তাঁদের অবস্থান ও কথিত গোপন বৈঠকের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত