লালমনিরহাটে আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে লালমনিরহাট সদর উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৌলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিকেলে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায় আন্তনগর করতোয়া এক্সপ্রেস। ট্রেনটি পূর্ব দৌলজোর এলাকায় পৌঁছালে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা ওই নারী হঠাৎ লাইনে উঠে পড়েন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রেনটি কিছু সময় থেমে থেকে পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। মরদেহের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাঁর হাতে ভাঙা শাখা ও আঙুলে আলতা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় ও স্বজনদের শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া না গেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।