আগুনে পুড়ে ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের জাইল্যা গ্রামের এখলাছ উদ্দিন। জীবনের এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে তার স্কুলজীবনের বন্ধুরা। তিন দশকেরও বেশি সময় পরও বন্ধুত্বের সেই সম্পর্ক অটুট রেখে বিপদে পড়া বন্ধুর পাশে ছুটে এসেছেন ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯২-এর সহপাঠীরা।
শুক্রবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ব্যাচ-৯২-এর ১৫ থেকে ২০ জন সহপাঠী এখলাছ উদ্দিনের বাড়িতে যান। আগুনে বিধ্বস্ত বাড়ির চিত্র দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। পরে বন্ধুকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করেন। তবে সহায়তার পরিমাণ প্রকাশ করেননি তারা।
বন্ধুদের এমন উদ্যোগে আবেগাপ্লুত এখলাছ উদ্দিন বলেন, “বিপদের সময়ে মানুষকে চেনা যায়—বন্ধুরা এসে পাশে দাঁড়িয়ে আজ আমাকে সেটিই আবারও বুঝিয়ে দিল। আগুনে আমার অনেক কিছু পুড়ে গেছে, কিন্তু বন্ধুদের ভালোবাসা আমাকে নতুন করে সাহস দিয়েছে। তাদের এই ভালোবাসা ও সহযোগিতার কথা আমি কোনোদিন ভুলব না।”
এ সময় ব্যাচ-৯২-এর সহপাঠী অতিরিক্ত কর কমিশনার মো. মাসুম বিল্লাহ সানি, মো. আতাউর রহমান, মো. আব্দুল মোত্তালিব ও হাজী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা বলেন, বিপদের দিনে বন্ধুর পাশে দাঁড়ানোই বন্ধুত্বের সবচেয়ে বড় পরিচয়। জীবনের এই কঠিন সময়ে এখলাছ যেন নিজেকে একা মনে না করেন, সে বার্তা দিতেই তারা তার পাশে দাঁড়িয়েছেন।
এদিকে বন্ধুদের এই মানবিক উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম। তিনিও সহপাঠীদের সঙ্গে এখলাছ উদ্দিনের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, মানুষের বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভালো একটি কাজের সঙ্গে থাকতে পেরে তিনি কৃতজ্ঞ। পুলিশও মানবিক ও কল্যাণমূলক যেকোনো ভালো কাজের পাশে রয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এখলাছ উদ্দিন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে জামির্ত্তা ইউনিয়নের জাইল্যা গ্রামে এখলাছ উদ্দিনের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আগুনে নিঃস্ব দরিদ্র দুই পরিবার