যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন সুলিভান  

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম

যে বয়সে স্রেফ স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই একের এক পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। চিরপ্রতিদ্বন্দ্বী মেক্সিকোর বিপক্ষে এক অভাবনীয় লং রেঞ্জ গোলে যুক্তরাষ্ট্রের জার্সিতে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী এই তরুণ সেনসেশন। তার পারফরম্যান্সে ভর করেই ৩-০ গোলের বড় জয়ও তুলে নিয়েছে মরিসিও পচেত্তিনোর দল

অ্যারিজোনার গ্লেনডে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের তরুণরা প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে। ম্যাচের ৬২ মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। মেক্সিকান গোলরক্ষক রাউল রেঙ্গেলের ভুল পাস মাঝমাঠের কাছাকাছি জায়গায় ইন্টারসেপ্ট করেন সুলিভান। এরপর চোখের পলকে অসাধারণ এক লবে বলটি ফাঁকা জালে জড়িয়ে দেন তিনি। 

ঠিক চার দিন আগে ১৭ বছর ১৩১ দিন বয়সে মাতিস আলবার্টের গড়া রেকর্ড ভেঙে সুলিভান ১৭ বছর ৫ দিন বয়সে এই নতুন ইতিহাস গড়েন। এর আগে দীর্ঘদিন এই রেকর্ডের মালিক ছিলেন ক্রিস্টিয়ান পুলিসিচ।

যুক্তরাষ্ট্রের হয়ে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে এটি সুলিভানের প্রথম গোল। রেকর্ড গড়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুলিভান। টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ঐতিহাসিক গোল ও ছোটবেলার স্বপ্নপূরণ নিয়ে সুলিভান বলেন, ‘এটি জীবনের সেরা এক চিমটি কাটার মতো মুহূর্ত। ৩, ৪, ৫ বা ৬ বছর বয়স থেকেই আপনি এমন মুহূর্তের স্বপ্ন দেখেন। আমি কেবল গত কয়েক ঘণ্টার জন্য নয়, আমার পুরো জীবনজুড়ে এই মুহূর্তটির কল্পনা করেছি। আমার পরিবারের জন্য এবং আমার নিজের জন্য এটি একটি অবিশ্বাস্য মুহূর্ত, এটি কতটা সম্মানের তা বলে বোঝানো যাবে না। কোচরা আমার ওপর ভরসা রেখেছেন এবং আমাকে এই সুযোগটি দিয়েছেন, এজন্য আমি সত্যিই ভীষণ কৃতজ্ঞ।’ 

নিজের করা সেই লবের শটটি নিয়ে সুলিভান আরও বলেন, ‘আমার শুধু মনে আছে আমি বলটি চিপ করেছিলাম, আর মনে মনে প্রার্থনা করছিলাম যেন বলটি ক্রসবারে লেগে বাইরে না চলে যায়। বলটি যখন বাতাসে ছিল, তখন আমার বেশ স্নায়ুচাপ কাজ করছিল এবং এরপর... সব কেমন যেন ঝাপসা হয়ে গেল! ছেলেরা দৌড়ে এসে আমার সঙ্গে উদযাপন করেছে দেখে আমি সত্যিই খুব খুশি। এই দলটা সত্যিই বেশ বিশেষ।’ 

মাঠের বাইরে এসে যখন তাকে তুলে নেওয়া হয়, তখন কোচ মরিসিও পচেত্তিনো তাকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন। সুলিভানের এই ইতিহাস গড়া গোল ছাড়াও ম্যাচে যুক্তরাষ্ট্র দলের তারুণ্যনির্ভর পারফরম্যান্স ছিল দেখার মতো। প্রথমার্ধেই জিও রেনার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী জুলিয়ান হল। এর মাধ্যমে প্রথম তিন ম্যাচেই গোল করার বিরল রেকর্ডের মালিক হন তিনি। সুলিভানের ঐতিহাসিক গোলের পর ম্যাচের শেষভাগে মেক্সিকোর জালে শেষ পেরেকটি ঠোকেন লেভারকুজেনের মিডফিল্ডার মালিক টিলম্যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত