৩ বছর পর ফিরছে প্রথম বিভাগ হকি

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৫ এএম

তিন বছর পর মাঠে ফেরার অপেক্ষায় থাকা প্রথম বিভাগ হকি লিগ শুরু হচ্ছে আরও দুদিন পিছিয়ে। ৭ অক্টোবরের পরিবর্তে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে এবারের লিগ। আয়োজক কমিটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে লিগ পেছানোর কোনো বড় ধরনের সংকট বা জটিলতা নেই বলে জানিয়েছেন আয়োজকরা। অংশগ্রহণকারী ক্লাবগুলো ইতিমধ্যে তাদের প্রস্তুতি শেষ করেছে। বিদেশ থেকে বেশ কয়েকজন কর্মকর্তা ও খেলোয়াড় দেশে ফেরায় সবাইকে নিয়ে পুরো আয়োজন গুছিয়ে নিতে দুদিন সময় বাড়ানো হয়েছে। প্রথম বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘লিগ অবশ্যই হচ্ছে, কোনো সমস্যা নেই। ৭ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল, তবে দুদিন পিছিয়ে ৯ অক্টোবর করা হয়েছে। কোনো জটিলতা নেই। অনেক কর্মকর্তা ও খেলোয়াড় বিদেশ থেকে ফিরছেন। তারা দেশে আসছেন। সব কিছু ঠিকভাবে গুছিয়ে নেওয়ার জন্যই দুদিন পিছিয়েছি।’

এবারের লিগ হবে সিঙ্গেল লিগপদ্ধতিতে। স্থানীয় খেলোয়াড়দের বেশি সুযোগ দিতে এবার কোনো বিদেশি খেলোয়াড় খেলানোর অনুমতি থাকছে না। প্রতিটি দলে সর্বোচ্চ ২২ খেলোয়াড় নিবন্ধন করা যাবে। প্রাতিষ্ঠানিক খেলোয়াড়দের ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট কোটা। একটি দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি থেকে সর্বোচ্চ চারজন এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী থেকে মিলিয়ে সর্বোচ্চ চারজন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।

এবারের প্রথম বিভাগ হকি লিগে শিরোপার লড়াইয়ে থাকছে ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি), কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলরস এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু-কিশোর সংঘ, ওয়ান্ডারার্স ক্লাব, রায়েরবাজার এসসি ও ঢাকা ইয়াংস্টার ক্লাব।

সর্বশেষ সর্বাধিক পঠিত