জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষ অধ্যায় পার করার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা লিওনেল মেসি মাঠের বাইরের জগতের নতুন সাম্রাজ্য গড়ে তোলার কাজটাও ভালোভাবেই গুছিয়ে নিচ্ছেন। পঞ্চম ডিভিশনের করনেলার পর স্প্যানিশ ক্লাব এলদেনসের মালিকানা অর্জনের মধ্য দিয়ে ফুটবল ক্লাব পরিচালনার নতুন এক অধ্যায় শুরু করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
তবে রাতারাতি বড় কোনো সাফল্যের চটকদার প্রতিশ্রুতি বা আগামী পাঁচ বছরের মধ্যে লা লিগায় উঠে যাওয়ার মতো অবাস্তব দাবি না করে, মেসি পুরোপুরি মনোযোগী হয়েছেন একটি শক্তিশালী ও টেকসই প্রাতিষ্ঠানিক ভিত গড়ে তোলার ওপর।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এলদেনসের পরিচালনা পর্ষদ ও প্রশাসনিক কাঠামোগত উন্নয়নের জন্য নিজের বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তিদের নিয়ে একটি নতুন ম্যানেজমেন্ট টিম গড়ার কাজ শুরু করেছেন মেসি। এই প্রক্রিয়ায় ব্যাংকিং ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতাসম্পন্ন পাবলো গার্সিয়া মন্তানেস এবং দীর্ঘদিনের বিশ্বস্ত আর্থিক উপদেষ্টা আলফনসো নেবোতের নাম জোরালোভাবে সামনে এসেছে। তবে ক্লাবটির এই মালিকানা চুক্তি ও প্রশাসনিক চূড়ান্ত অনুমোদনের জন্য স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টস (সিএসডি)-এর চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে মেসির শিবির।
মেসি মালিকানার হাতে পাওয়ার পর প্রথম ম্যাচেই দুর্দান্ত এক সাফল্যের দেখা পেয়েছে ক্লাবটি। ঐতিহ্যবাহী ও পেপিকো আমাত স্টেডিয়ামে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও চমৎকার কামব্যাক করে ৪-১ গোলের বড় জয় তুলে নেয় এলদেনসে। দূর থেকে মেসি নিজেও এই ম্যাচটি উপভোগ করেন, যা নতুন ম্যানেজমেন্ট ও স্কোয়াডের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এদিকে ক্লাবের এই সুদূরপ্রসারী দর্শন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে দলটির প্রধান কোচ হাভিয়ের কালেহা সন্তুষ্টি প্রকাশ করে জানান, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত প্রমোশন পাওয়ার মতো ফাঁকা প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে প্রকল্পটি একটি টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নতির ওপর বেশি জোর দিচ্ছে।’
ফুটবল বিশ্লেষকদের ধারণা, অদূর ভবিষ্যতে আর্জেন্টিনা ও লাতিন আমেরিকার উদীয়মান প্রতিভাদের ইউরোপিয়ান ফুটবলে নিজেদের মেলে ধরার একটি আদর্শ করিডোর বা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠতে পারে এই এলদেনসে।
ইসরায়েলের বিপক্ষে আর খেলতে চায় না আয়ারল্যান্ড