পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে চাঁদমারী পর্যন্ত সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সড়ক ও এর আশেপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং নিজেদের বাড়িঘর, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতাই গড়ে তুলবে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ।
শেকৃবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ অভিযান কর্মসূচি