বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার (৬ অক্টোবর) এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় বেলা ১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিবিসি।
দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে ঢাকার বর্তমান মনোভাবের বার্তা পৌঁছে দিতেই দীনেশ ত্রিবেদী দিল্লি গেছেন।
এর আগে সোমবার (৫ অক্টোবর) রাতের বিমানে ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান তিনি। তবে তার এ সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদীই প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগও চূড়ান্ত করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।
ফলে দিল্লিতে গেলে তিনি সাধারণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই সরাসরি সাক্ষাৎ করেন। অন্য ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের মতো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারও সেই রেওয়াজের ব্যতিক্রম হয়নি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে দিল্লি ঝুলিয়ে রেখেছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অস্বস্তির কারণ হয়ে রয়েছে।
এ ছাড়া গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই সরকারের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি নেই। ৩০ বছর মেয়াদি গুরুত্বপূর্ণ এ পানি ভাগাভাগির চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে।
সূত্র: বিবিসি