রাজধানীর আলোকীতে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও ‘আড্ডা চলে’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী লাইফস্টাইল প্রদর্শনী ‘আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ ফিচারিং আড্ডা চলে’। ২ ও ৩ অক্টোবর আয়োজিত এ উৎসবে বিভিন্ন খাতের শতাধিক নারী উদ্যোক্তা তাঁদের দেশীয় ব্র্যান্ড ও পণ্য প্রদর্শন করেন।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) হ্যারি থম্পসন, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম সাত্তার, আইএফসির এমএসএমই, মাইক্রো অ্যান্ড এম্বেডেড ফাইন্যান্সের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান অনন্যা ওয়াহিদ কাদের এবং আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম জামাল উদ্দিন।
আয়োজনে পোশাক, গয়না, ঘর সাজানোর সামগ্রী, চামড়াজাত পণ্য, ত্বকের যত্ন ও মেকআপসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্য প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা পণ্য কেনাকাটার পাশাপাশি উদ্যোক্তা ও কারুশিল্পীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উৎসবটি নারী উদ্যোক্তাদের মধ্যে মতবিনিময়, নেটওয়ার্কিং ও পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি করে। পাশাপাশি সম্ভাব্য ক্রেতা ও অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজেদের ব্র্যান্ড পরিচিত করার সুযোগ পান উদ্যোক্তারা। শিশুদের জন্য আয়োজনস্থলে ছিল কিডস জোন।
আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম জামাল উদ্দিন বলেন, নারী উদ্যোক্তাদের জন্য প্রতিষ্ঠানটির বিশেষায়িত এসএমই ঋণসুবিধা ‘পূর্ণতা’ দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে সরাসরি কাজ করছে। উদ্যোক্তাদের সমস্যাগুলো বোঝার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যেও এ উদ্যোগ কাজ করছে।
তিনি বলেন, ‘পূর্ণতা উৎসব’-এর মতো আয়োজনের মাধ্যমে দেশের উদ্যোক্তাদের কাজ ও গল্প আরও কাছ থেকে জানার সুযোগ তৈরি হয়। ‘আড্ডা চলে’র সঙ্গে অংশীদারত্ব এ আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে।
আইডিএলসি ফাইন্যান্সের হেড অব এসএমই আদনান রশীদ বলেন, পূর্ণতা উৎসবের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি দেশীয় উদ্যোক্তারা ক্রেতা ও অন্যান্য ব্যবসার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেয়েছেন। নতুন ব্র্যান্ড তৈরি করে আরও বেশি ক্রেতার কাছে পৌঁছাতে চান—এমন উদ্যোক্তাদের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
প্রদর্শনীর পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সহায়তায় প্রতিটি স্টলে আইডিএলসির একজন নারী রিলেশনশিপ ম্যানেজার (আরএম) উপস্থিত ছিলেন। এ ছাড়া আইডিএলসির নিজস্ব অর্থায়নে বিনামূল্যে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) খোলার সুবিধা এবং শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিশেষ ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়।
আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন ও উদীয়মান নারী উদ্যোক্তারা নিজেদের পণ্য ও ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবেন।