চুনারুঘাট থানায় ফের ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই ক্লোজ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম

একদিন আগে চুনারুঘাট থানার এক এএসআইয়ের ঘুষসংক্রান্ত ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার একই থানার আরেক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর অতনু বণিককে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম।

ভিডিওতে দেখা যায়, চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক এক ব্যক্তিকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা নেন। টাকা চাওয়া ও হস্তান্তরের দৃশ্য ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে টাকা চাওয়ার বিষয়েও কথোপকথন রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয়েছে। তবে ভিডিওটির উৎস, ধারণের সময় এবং এর সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তবে স্থানীয়দের অভিযোগ, এএসআই অতনু বণিকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। এর আগে একটি মামলার তদন্তে গিয়ে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ওই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে। কিন্তু সেই অভিযোগের পর কী ধরনের তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।

উল্লেখ্য, অতনু বণিকের ভিডিও প্রকাশের ঠিক আগের দিনই চুনারুঘাট থানার আরেক এএসআই ইলিয়াস হোসেনের ঘুষসংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে তাঁকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে বলে জানা গেছে।

চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ইতোমধ্যে অতনুকে থানা থেকে ছাড়পত্র দিয়ে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার পর তদন্তে সত্যতা পাওয়া গেলে শাস্তির আওতায় আনা হবে।”

সর্বশেষ সর্বাধিক পঠিত