ডলারের বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর অভিন্ন মুদ্রা ইউরোর দাম ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ইউরোপের সরকারি অর্থব্যবস্থা নিয়ে উদ্বেগ এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের আস্থায় চাপ তৈরি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বার্তাসংস্থা আনাদোলু বলছে, গত সোমবার ইউরোর দর ০.৬ শতাংশ কমে ১ দশমিক ১১৬৪ ডলারে দাঁড়ায়। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১৩৮ টাকা। ২০২৫ সালের মার্চের পর এটিই ইউরোর সর্বনিম্ন দর। মূলত ফ্রান্সের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং ইউরোজোনের অন্য উচ্চ ঋণগ্রস্ত দেশে এর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কার পাশাপাশি শক্তিশালী ডলারও ইউরোর দরপতনে ভূমিকা রেখেছে।
ফ্রান্স ও জার্মানির সরকারি বন্ডের সুদে বড় ধরনের ওঠানামাও ইউরোর ওপর চাপ বাড়িয়েছে। গত শুক্রবার দুই দেশের ১০ বছর মেয়াদি সরকারি ঋণের সুদের হারের ব্যবধান একপর্যায়ে বেড়ে ১৫৯ বেসিস পয়েন্টে পৌঁছায়। পরে বাজার বন্ধের সময় তা কমে প্রায় ১৪১ বেসিস পয়েন্টে দাঁড়ায়। ফ্রান্সের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার সাময়িকভাবে প্রায় ৫ শতাংশে পৌঁছায়। এর মধ্য দিয়ে ফ্রান্সে সরকারি ঋণ ধরে রাখার ঝুঁকির বিপরীতে বিনিয়োগকারীদের বেশি মুনাফা চাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।