চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বন্দর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা।
সমাবেশে নেতারা বলেন, এনসিটি চট্টগ্রাম বন্দরের ‘হৃৎপিণ্ড’। গুরুত্বপূর্ণ এই টার্মিনাল বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে বন্দরের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশে বক্তারা এনসিটি দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানান। একই সঙ্গে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া বাতিল না হলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
শ্রমিক নেতারা বলেন, দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে বন্দর ভবনের সামনে থেকে শ্রমিক ও আন্দোলনকারীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়ার চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
এনসিটি বিদেশি অপারেটরের কাছে দেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে কয়েক দিন ধরে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও বিভিন্ন সংগঠনের মধ্যে বিরোধিতা ও আন্দোলন চলছে। এর মধ্যেই চুক্তি সইয়ের প্রস্তুতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।