খুলনা সদরের সাবরেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে প্রকাশ্যে অপহরণের ঘটনা নিয়ে ধুম্রুজাল সৃষ্টি হয়েছে। বুধবার বেল আড়াইটাই (৭ অক্টোবর) কয়েকজন তাকে জোর করে প্রথমে রিক্সায় পরে মোটরসাইকেল করে তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অফিসের সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে প্রথমে রিকশায় এবং পরে মোটরসাইকেলে তুলে ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যাওয়ার পর প্রায় আধা ঘণ্টার মধ্যে তিনি নিজেই কার্যালয়ে ফিরে আসেন। ফিরে এসে তন্ময় দাবি করেছেন, তাকে অপহরণ করা হয়নি।
অফিসের স্টাফ সূত্রে জানা গেছে, স্যারকে কারা তুলে নিয়ে গেছে বলে অফিসের লোকজন চিৎকার শুরু করলে দলিল লেখক ও নকলনবিশরা ছুটে বের হন। এরপর তাকে খুঁজতে শুরু করেন তারা।
খুলনা সদরের দলিল লেখক সমিতির সহসভাপতি বাহাউদ্দীন বলেন, সাব রেজিস্টারকে প্রথমে রিক্সায় রিকশায় পরে তাকে মোটরসাইকেলে তোলা হয়। এরপর তাকে নদীর ঘাটের দিকে নিয়ে যাওয়া হয় বলে তারা জানতে পারেন।
স্টাফরা আরো জানিয়েছেন, এই ঘটনায় ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এর মধ্যেই প্রায় আধা ঘণ্টা পর তন্ময় নিজেই সাবরেজিস্ট্রি অফিসে ফিরে আসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সাব রেজিস্টার কে খোঁজাখুঁজি শুরু করি। তন্ময় কুমার মন্ডল জানিয়েছেন, একটি ডকুমেন্ট দেখার জন্য তাকে আশপাশের এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরো বলেন তাকে অস্ত্রের মুখে নেওয়া হয়েছিল- এমন তথ্যও তিনি দেননি।
কারা তাকে নিয়ে গেল, কেন তাকে মোটরসাইকেলে তোলা হলো এবং নদীর পাড়ে যাওয়ার প্রয়োজনই বা কেন এ বিষয়ে স্পষ্ট কোন তথ্য সাব রেজিস্টার দেননি।
এ বিষয়ে সাবরেজিস্টার তন্ময় কুমার মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘আমি সুস্থ শরীরে আপনাদের সামনে ফিরে এসেছি। আমাকে একটি ডকুমেন্ট দেখে দিতে বলা হয়েছিল।
তিনি বলেন, প্রথমে বিষয়টি তার কাছে অস্বাভাবিক মনে হলেও পরে বুঝেছেন, ডকুমেন্ট দেখার জন্যই তাকে নেওয়া হয়েছিল।
পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।
অপর একটি সূত্র জানায়, নগরীর শেখপাড়া এলাকার একটি গ্রুপ সাবরেজিস্ট্রার তন্ময় অপহরণের সঙ্গে জড়িত। ওই সন্ত্রাসীরা শেখ পাড়ায় একটি ঠিকাদারের বাড়ি অবৈধভাবে দখলে নিয়েছে। এই বাড়ি সংক্রান্ত কোনো ঘটনায় তাকে অপহরণ করা হতে পারে।