ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে, বিদ্রোহী হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলে বড় ধরনের পাল্টা অভিযান শুরুর পর তারা ১ হাজার ৮৬০ জন হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করেছে। খবর আল জাজিরার।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে হুথিদের সামরিক অবস্থান লক্ষ্য করে ২ হাজার ১০৩টি ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে।
রবিবার ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি ‘ডন অব ইয়েমেন’ অভিযানের ঘোষণা দেন। এর লক্ষ্য হলো হুথিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা, এমনকি রাজধানী সানাও পুনর্দখল করা। ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ২০১৪ সাল থেকে সানা নিয়ন্ত্রণ করছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের এলাকা। গুরুত্বপূর্ণ এই নৌপথটি দিয়ে জ্বালানি রপ্তানি হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্য সীমিত হয়ে পড়ায় বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়েছে।
মঙ্গলবার ইয়েমেন সরকারের অনুগত বাহিনী বাব আল-মান্দেব প্রণালির কাছে এবং মোকা শহরের আশপাশের কৌশলগত এলাকাগুলো দখলের লক্ষ্যে অভিযান শুরু করে। গত সেপ্টেম্বরে হুথিরা এসব এলাকা দখল করেছিল।