সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পিএম

উপমহাদেশের রাগসংগীতের প্রবাদপুরুষ, বহু বাদ্যযন্ত্রের অনন্য সাধক ও সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী। ১৮৬২ সালের এই দিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর গ্রামে এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সংগীত নাটক আকাদেমি পুরস্কার ও ফেলোশিপসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন। তবে বিশ্বখ্যাত এই সংগীতসাধকের জন্মভূমি শিবপুরে তার স্মৃতি সংরক্ষণে এখনো বড় কোনো স্থায়ী উদ্যোগ বাস্তবায়িত হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। 

স্থানীয়দের দাবি, শিবপুরে সুরসম্রাটের স্মৃতি ধরে রাখতে দ্রুত স্মৃতি জাদুঘর, সংগীত বিশ্ববিদ্যালয় ও আধুনিক সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। পাশাপাশি তার হাতে গড়া মসজিদ ও পুকুরটিও সংস্কার করে সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা। 

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি  অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি সংরক্ষণে শিবপুরে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রীকে নবীনগরে আসার আহ্বানও জানানো হয়েছে। তার জন্মভূমি পরিদর্শনের পর প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। 

ইউনিয়ন বিএনপি নেতা আবুল ফয়েজ, উপজেলা যুবদল নেতা মনজুরুল আলম মজনু, আলাউদ্দিন খাঁ মসজিদের প্রধান খতিব মাওলানা মোখলেসুর রহমান এবং সুরসম্রাটের দৌহিত্র লাখো খাঁর ছেলে রফিকুল ইসলাম বলেন, শুধু শিবপুরের নয়, তিনি বাঙালি ও উপমহাদেশের গর্ব। তার জন্মভূমির স্মৃতি সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন মনে করেছেন তারা।

শৈশবেই সংগীতসাধনায় আত্মনিয়োগ করে পরবর্তীতে তিনি সরোদসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেন। তার শিষ্যদের মধ্যে ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত রবিশঙ্কর, অন্নপূর্ণা দেবী, পান্নালাল ঘোষ ও নিখিল বন্দ্যোপাধ্যায়সহ উপমহাদেশের বহু খ্যাতিমান শিল্পী রয়েছেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত