কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও সাড়ে ২১ কেজি হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, আজ সকাল ৬টায় সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় বাংলাদেশের সমুদ্র সীমানার অভ্যন্তরে কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তিনটি বস্তা পানিতে ফেলে মায়ানমার সমুদ্রসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক বস্তাগুলো তল্লাশি করে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও প্রায় ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ও ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মাদকের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় কোস্ট গার্ড।