জানা গেল আরও কিছু অজনা তথ্য

শেষকৃত্যের প্রস্তুতি আগেই নিয়ে রেখেছিলেন নানা!

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম

মৃত্যু নিয়ে বরাবরই স্পষ্টবাদী ছিলেন নানা পাটেকর। জীবনের অন্যান্য বিষয়ের মতো মৃত্যুকেও কোনও রাখঢাক না করে দেখতেন এই বর্ষীয়ান অভিনেতা। আজ বৃহস্পতিবার ৭৫ বছর বয়সে তার প্রয়াণের পর ফের সামনে এসেছে মৃত্যুকে ঘিরে তার করা একটি পুরনো মন্তব্য। নিজের শেষকৃত্যের প্রস্তুতি যে তিনি আগে থেকেই নিয়ে রেখেছিলেন, তা জানিয়েছিলেন অভিনেতা নিজেই। শুধু তাই নয়, তার শেষযাত্রাতেও যেন কেউ কান্নাকাটি না করেন সেই বিষয়েও ছিল নির্দেশ।

২০২৩ সালে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর প্রচারের সময় এক সাক্ষাৎকারে নিজের মৃত্যু প্রসঙ্গে কথা বলেছিলেন নানা। সেই সময় তিনি জানিয়েছিলেন, নিজের শেষকৃত্যের জন্য প্রায় ১২ মণ কাঠ তিনি আগে থেকেই আলাদা করে রেখেছেন। তাঁর কথায়, শেষ পর্যন্ত তাঁর ‘সম্পত্তি’ বলতে ওই কাঠই থাকবে। অর্থাৎ জীবনে যত কিছুই অর্জন করা হোক না কেন, মৃত্যুর পরে মানুষের সঙ্গে কোনও সম্পত্তিই যায় না, এই বাস্তবতাকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তুলে ধরেছিলেন অভিনেতা। আরও চমকে দেওয়ার মতো ছিল কাঠ নিয়ে তার নির্দেশ। নানা পাটেকরের ঘনিষ্ঠ ফটোগ্রাফার অতুল কাসবেকরও তার মৃত্যুর পর একটি স্মৃতিচারণে এই ঘটনার কথা উল্লেখ করেছেন। কাসবেকর জানান, পুনের কাছে নিজের ফার্মহাউসে একবার নানা তাকে নিজের শেষকৃত্যের জন্য রাখা কাঠ দেখিয়েছিলেন। শুকনো কাঠ রাখার কারণও জানিয়েছিলেন সেই একই রসিকতার সঙ্গে—ভেজা কাঠে ধোঁয়া হলে মানুষের চোখে জল আসবে।

নানা জানিয়েছিলেন, তাঁর শেষকৃত্যে যেন কোনওভাবেই ভেজা কাঠ ব্যবহার না করা হয়। কারণ, ভেজা কাঠে ধোঁয়া বেশি হয়। আর সেই ধোঁয়ায় উপস্থিত মানুষের চোখে জল চলে আসতে পারে। এখানেও নিজের স্বভাবসিদ্ধ রসিকতা মিশিয়ে নানা বলেছিলেন, চোখে জল দেখে যেন এমন ভুল বোঝাবুঝি না হয় যে সকলে তাকে হারিয়ে কাঁদছেন! মৃত্যুর পর তাঁর ছবিতে মালা পরাতেও বারণ করেছিলেন৷ আড়ম্বর নয়,  মৃত্যু নিয়ে এমন সহজ অথচ গভীর দৃষ্টিভঙ্গিই ছিল এই অভিনেতার৷

সর্বশেষ সর্বাধিক পঠিত