ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) ক্রয়ে অর্থায়ন সহজতর করতে সিটি ব্যাংক পিএলসি ও আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের (AREAL) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় গ্রাহকদের জন্য বিশেষ অর্থায়ন সুবিধা ও মূল্যছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ARRA শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি হস্তান্তর করেন সিটি ব্যাংক পিএলসির হেড অব অ্যাসেট, রিটেইল ব্যাংকিং ডিভিশন কে. এম. নাফিজুল হক এবং আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঈদ জয়নুল আবেদিন।
চুক্তির আওতায় AREAL থেকে সরাসরি ইলেকট্রিক ভেহিক্যাল ক্রয়কারী গ্রাহকরা সিটি ব্যাংক থেকে বিশেষ অটো ফাইন্যান্সিং সুবিধা পাবেন। ব্যাংকের প্রচলিত নীতিমালা ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান সাপেক্ষে এসব সুবিধার মধ্যে থাকবে বিশেষ সুদের হার ও কম ঋণ প্রক্রিয়াকরণ ফি।
এ ছাড়া সিটি ব্যাংকের যোগ্য ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডধারী, প্রায়োরিটি ক্লায়েন্ট এবং কর্মীরা AREAL-এর আউটলেট থেকে নতুন অথবা রিকন্ডিশন্ড গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড় পাবেন।
অংশীদারিত্বের আওতায় ইলেকট্রিক ভেহিক্যাল ক্রেতাদের জন্য দ্রুত ঋণ প্রক্রিয়াকরণের ব্যবস্থাও চালু করা হবে। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে ঋণের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে সিটি ব্যাংক ইভি অর্থায়নে বিশেষ সহায়তা দেবে। AREAL-এর মাধ্যমে রেফার করা গ্রাহকদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়া করা হবে এবং একজন নির্ধারিত রিলেশনশিপ ম্যানেজার পুরো অর্থায়ন প্রক্রিয়া সমন্বয় করবেন।
এ ছাড়া এ সহযোগিতার আওতায় প্রোডাক্ট গ্যালারিতে ফাইন্যান্সিং প্রি-স্ক্রিনিং এবং কিউআর কোডভিত্তিক আবেদন সুবিধার মতো ডিজিটাল উদ্যোগও থাকবে।
উভয় প্রতিষ্ঠান যৌথভাবে প্রচারণা ও গ্রাহক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। এসব কার্যক্রমে ইলেকট্রিক ভেহিক্যাল ব্যবহারের সুবিধা, সহজ অর্থায়ন, ব্যয় সাশ্রয়, পরিবেশগত সুবিধা এবং চার্জিং অবকাঠামো সম্পর্কিত বিষয় তুলে ধরা হবে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।
স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির পক্ষে আরও উপস্থিত ছিলেন— শারমিন সুলতানা রাখি, হেড অব অটো লোন, রিটেইল ব্যাংকিং ডিভিশন; আল-আমিন কবির সাজিব, অ্যাসোসিয়েট ম্যানেজার, অটো লোন প্রোডাক্ট এবং পারভেজ, অ্যাসিস্ট্যান্ট অফিসার, অটো লোন প্রোডাক্ট।
আকিজ ভেঞ্চার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন— অমিত সাহা, এজিএম, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড; রাকিবুল আহসান, সিনিয়র ম্যানেজার, ব্র্যান্ড, আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড; তাশফিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্র্যান্ড, আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এবং মো. ইউসুফ সাজিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেশনস, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।