শিশুদের অংশগ্রহণে ছায়ানটের শরৎ উৎসব

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম

নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ উড়ে এসে জানান দিয়ে গেলো শরৎ এসেছে ধরায়। বদলে গেছে প্রকৃতি। নদীর কূল ঘেঁষে কাশের গুচ্ছ। মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরে শরৎ বন্দনায় মেতেছিল বিভিন্ন কয়েকটি স্কুলের শিক্ষার্থী এবং ছায়ানটের শিল্পীরা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মোহাম্মদপুরের সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সঙ্গে যৌথভাবে শরতের অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। প্রতিপাদ্য ছিল ‘যোগ দেরে আজ সমান তানে’। অনুষ্ঠান হয় সেন্ট যোসেফ স্কুল প্রাঙ্গণে।

অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রসংগীত ‘শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে’ দিয়ে। এ আয়োজনে অংশ নেয় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, এক্সেল একাডেমি, নালন্দা উচ্চ বিদ্যালয় ও ছায়ানট। 

‎অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছায়ানটের শিল্পীরা।

নালন্দা উচ্চ বিদ্যালয়ের পরিবেশনায় ছিল সম্মেলক নৃত্যগীত ‘আলোর অমল কমলখানি’, বৃন্দ আবৃত্তি ‘শরৎ’ ও ‘সবার আমি ছাত্র’। একক গানে সুদর্শনা অলকানন্দা কুণ্ডু পরিবেশন করেন ‘ভোরের ঝিলের জলে’। মেহেরিন ফাতেমা পরিবেশন করেন ‘তোমরা যা বলো তাই বলো’।

এক্সেল একাডেমির পক্ষ থেকে একক গানে অরুণাভ দে পরিবেশন করেন ‘তোমার মোহন রূপে’। ইপ্সিতা সিকদার পরিবেশন করেন ‘শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি’।

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিবেশনায় ছিল সম্মেলক গান ‘কোন খেপা শ্রাবণ ছুটে এল’ এবং বৃন্দ আবৃত্তি ‘কোন শরতে পূর্ণিমা-চাঁদ’। একক আবৃত্তিতে ইজমির মুস্তাফিজ পরিবেশন করেন ‘এসেছে শরৎ হিমের পরশ’।

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে একক গানে সার্থক সাহা পরিবেশন করেন 'এসো শারদ প্রাতের পথিক'। বাঁধন কুন্ডু পরিবেশন করেন 'হৃদয়ে ছিলে জেগে' এবং দিব্যময় দেশ পরিবেশন করেন 'মেঘেরা দল বেঁধে যায়'। 

‎ছায়ানটের পরিবেশনায় ছিল সম্মেলক নৃত্যগীত ‘ওগো শেফালিবনের মনের কামনা’। একক গানে অঙ্কিতা সরকার পরিবেশন করেন ‘অমল ধবল পালে লেগেছে’, শতদ্রু সরকার ‘আমার নয়ন ভুলান এলে’, প্রেমা দেওয়ানজী ‘হে ক্ষণিকের অতিথি’ এবং পার্থিব সাহা ‘শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল’।

‎অনুষ্ঠানের শেষ পর্বে সব প্রতিষ্ঠানের অংশগ্রহণে সম্মেলক নৃত্যগীত ‘আজ ধানের ক্ষেতে’ পরিবেশিত হয়। 

ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা দেশ রুপান্তকে বলেন 'শরৎ উৎসবকে আরও বেশি শিশুর অংশগ্রহণে আনন্দমুখর করে তুলতে গত বছর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের সম্পৃক্ত করেছে ছায়ানট। গত বছর নালন্দা বিদ্যালয়, ছায়ানটের শিশু এবং সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।’

তিনি জানান, এবার নতুন করে যুক্ত হয়েছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল ও এক্সেল একাডেমি। এ ছাড়া প্রথমবারের মতো ঐতিহ্যবাহী পুরান ঢাকার সেন্ট গ্রেগরিজেও শরৎ উৎসবের আয়োজন করা হচ্ছে।

এই উৎসবের মধ্য দিয়ে শিশুরা শরতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি প্রকৃতির প্রতি ভালোবাসা ও দেশের প্রতি দায়বদ্ধতার চেতনাও ধারণ করতে শিখবে বলে তিনি আশাবাদী।

সর্বশেষ সর্বাধিক পঠিত