দক্ষিণ আফ্রিকার মাটিতে দীর্ঘ আট বছর পর টেস্ট খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। ডারবানের কিংসমেডের অতিরিক্ত বাউন্স আর প্রোটিয়া পেসারদের আগুনে বোলিংয়ের সামনে রীতিমতো খাদের কিনারায় চলে গিয়েছিল অজিরা। তবে নিক ম্যাডিনসনের দীর্ঘ প্রতীক্ষিত ও আবেগঘন প্রত্যাবর্তনের দিনটা দুঃস্বপ্নে কাটলেও, ম্যাট রেনশ এবং প্যাট কামিন্সের দৃঢ়তায় প্রথম দিনের শেষটা ঘুরে দাঁড়ানো বার্তা দিয়েই শেষ করেছে সফরকারীরা। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৬৫ ওভার ২ বলে ৬ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
ম্যাচের সবচেয়ে বড় আবেগপ্রবণ গল্পটি রচিত হয়েছিল ম্যাডিনসনকে ঘিরেই। ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই জয় করে প্রায় এক দশক পর টেস্ট দলে ফেরা এই ওপেনারের প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার কড়া ফাস্ট বোলিং অ্যাটাকের সামনে সেটি এক নিষ্ঠুর বাস্তবে রূপ নেয়।
মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডারের সুইং সামলে উইকেটে টিকে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৩৩ বল খেলে কোনো রান না করেই বোল্ড হন ম্যাডিনসন। টেস্ট ক্রিকেটে বলের হিসেবে ইতিহাসে ওপেনারদের তালিকায় এটি তৃতীয় দীর্ঘতম শূন্য রানের ইনিংস। এছাড়া একবিংশ শতাব্দীর হিসেবে এটিই প্রথম।
ম্যাডিনসনের বিদায়ের পর ট্রাভিস হেডও (৯) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে অজিরা। তবে মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ ৬০ রানের একটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
লাবুশেন (৩৭) কিছুটা থিতু হলেও লাঞ্চ বিরতির ঠিক আগে মুল্ডারের শিকারে পরিণত হন। বিরতির পর নরকিয়া ও ইয়ানসেনের পেস তোপে স্মিথও (২৫) দ্রুত ফিরে গেলে ১২৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। বিশেষ করে দীর্ঘ তিন বছর পর টেস্টে ফেরা নরকিয়ার শর্ট-বল কৌশলে কুপোকাত হয়েছিল অজি মিডল অর্ডার।
দলের এমন ব্যাটিং ধসের মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রেনশ। ওপেনিং ছেড়ে পাঁচ নম্বরে নেমে ধৈর্য ও চমৎকার টেকনিকের প্রদর্শনী দেখান তিনি। অন্যদিকে, দারুণ সঙ্গ দেন অধিনায়ক প্যাট কামিন্সও। অন্ধকার আকাশ আর প্রোটিয়া পেসারদের রোখে সংকল্পের পরিচয় দিয়ে অবিচ্ছিন্ন ৬৩ রানের এক অমূল্য জুটি গড়ে তোলেন এই দুজনে। দিনশেষে রেনশ ১১৫ বলে ৪৬ এবং কামিন্স ৩৩ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
স্বাগতিকদের পক্ষে ইয়ানসেন, মুল্ডার ও দীর্ঘ বিরতির পর ফেরা নরকিয়া, তিনজনেই এখন পর্যন্ত নেন দুটি করে উইকেট।
সতীর্থের ‘মেজাজ খারাপ’ হওয়াটাও মিস করবেন মেসি