বিশ্বকাপে সবচেয়ে ঘৃণার শিকার মেসির আর্জেন্টিনা

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ এএম

২০২৬ বিশ্বকাপে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণা, গালিগালাজ ও সাইবার আক্রমণের শিকার হয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। ফিফার সোশ্যাল মিডিয়া প্রোটেকশন সার্ভিস (এসএমপিএস) প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে সামনে রেখে ফিফা প্রকাশিত এ প্রতিবেদনে দেখা যায়, টুর্নামেন্ট চলাকালীন (৯ জুন থেকে ২০ জুলাই) এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকের ১৭.১ মিলিয়নেরও বেশি পোস্ট ও মন্তব্য বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দলীয়ভাবে সবচেয়ে বেশি সাইবার আক্রমণের শিকার হয়েছে আর্জেন্টিনা। তাদের বিরুদ্ধে মূলত দুর্নীতি, ম্যাচ ফিক্সিং, রেফারির পক্ষপাতিত্ব এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ এনে উগ্র মন্তব্য করা হয়েছে। এ তালিকায় আর্জেন্টিনার পরই রয়েছে ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল ও নরওয়ে।

একক খেলোয়াড় হিসেবে শীর্ষে ফ্রান্সের তারকা

দলগতভাবে আর্জেন্টিনা শীর্ষে থাকলেও, একক খেলোয়াড় হিসেবে আক্রমণের শিকারের শীর্ষে রয়েছেন ফ্রান্সের ফুটবলাররা। ফরাসি খেলোয়াড়দের লক্ষ্য করে ১৮,০০০ এরও বেশি বর্ণবাদী ও উগ্র আক্রমণের ঘটনা ঘটেছে, যার ৩৩ শতাংশই ছিল প্রত্যক্ষ বর্ণবাদ। এ তালিকায় এরপরেই রয়েছে ইংল্যান্ড ও পর্তুগাল।

প্রতিবেদনে নির্দিষ্ট একজনের নাম প্রকাশ না করে জানানো হয়, এক খেলোয়াড় একাই ১০,০০০ এরও বেশি হামলার শিকার হয়েছেন, যার ৪০ শতাংশই ছিল বর্ণবাদী আক্রমণ।

রেফারির ওপর হামলা ও ভুয়া তথ্য

প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো রেফারিদের নিরাপত্তা। পুরো টুর্নামেন্টে মাত্র ১০ শতাংশ রেফারিকে নজরদারির আওতায় আনা হলেও, তাদের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর হুমকির (যেমন ব্যক্তিগত তথ্য ফাঁস বা ‘ডক্সিং’) ৭১ শতাংশ ঘটনা ঘটেছে। রেফারিদের লক্ষ্য করে ১৩,০০০ এরও বেশি হুমকিমূলক বার্তা ও কল করা হয়েছে।

ফিফার কড়া পদক্ষেপ

ফিফার রেফারিং ডিরেক্টর পিয়্যারলুইজি কলিনা বলেন, “আমাদের লক্ষ্য ছিল রেফারিরা যেন সামাজিক যোগাযোগমাধ্যমের বিষাক্ত পরিবেশ থেকে মুক্ত থেকে মাঠে তাদের খেলায় মনোযোগ দিতে পারেন।”

 

সাইবার হামলা ঠেকাতে ফিফার কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্বয়ংক্রিয় মডারেশন সিস্টেম ৬০.৭ মিলিয়ন মন্তব্য স্ক্যান করে ৯.২ মিলিয়ন (১৫%) ক্ষতিকর কমেন্ট মুছে দিয়েছে। এছাড়া ২,৯০৫টি অ্যাকাউন্টকে অপরাধমূলক অনুসন্ধানের জন্য চিহ্নিত করা হয়, যার মধ্যে ৭৮৬টি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরিত করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত