জিদানের সাবেক ক্লাব বিক্রি হলো কেবল ১ ইউরোতে

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১০:৩২ এএম

মাত্র এক ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১৪০ টাকাও কম। একটি ভালো মানের চকলেট বারও হয়তো এখন এই দামে মিলবে না। তবে কিনে নেওয়া হলো ফরাসি ক্লাব ফুটবলের এক সময়ের পরাশক্তিকে! জিনেদিন জিদানের মতো কিংবদন্তির পা ছুঁয়ে যে ক্লাব একদিন ফরাসি ফুটবলের সিংহাসন কাঁপিয়েছিল, আর্থিক চরম বিপর্যয়ের চক্রবাকে পড়ে আজ তাদের ঠিকানা হয়েছে ফুটবলের একদম অতল গভীরে। ফরাসি ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব জিরোনদিন্স দে বোর্দো প্রতীকী মূল্যের কেবল ১ ইউরোতে বিক্রি হয়ে গেছে।

চার বছর আগেও ফ্রান্সের শীর্ষ লিগ, লিগ ওয়ানে দাপিয়ে বেড়ানো এই ক্লাবটির এমন পতন সত্যিই রূপকথার কোনো ট্র্যাজেডির চেয়ে কম নয়। ছয়বার ফরাসি লিগ শিরোপা জেতা এই ক্লাবের সোনালী ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে জিদানের নাম। ১৯৯৬ সালে জুভেন্তাসে নাম লেখানোর আগে বোর্দোর জার্সিতেই বিশ্বমঞ্চে নিজের আলো ছড়িয়েছিলেন ফরাসি এই জাদুকর। এছাড়া ফরাসিদের ঐতিহাসিক ১৯৯৮ বিশ্বকাপ জয়ী স্কোয়াডের দুই রত্ন বিজেন্তে লিজারাজু ও ক্রিস্টোফে দুগারের মতো তারকারাও একসময় মাতিয়েছিলেন এই ক্লাবটির সবুজ আঙিনা।

বোর্দোর হয়ে চার মৌসুমে ১৭৯ ম্যাচ খেলেছেন জিদায়। সেখানে করেছেন ৩৯টি গোলসহ ২৪টি অ্যাসিস্ট।  

কিন্তু রঙিন সেই দিনগুলোর স্থায়িত্ব স্থায়ী হয়নি দীর্ঘস্থায়ী। ভুল আর্থিক ব্যবস্থাপনা এবং পর্বতপ্রমাণ ঋণের জালে জড়িয়ে ২০২২ সালে লিগ ওয়ান থেকে অবনমন ঘটে বোর্দোর। এরপর পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে এবং ২০২৪ সালে ক্লাবটি তাদের পেশাদার মর্যাদা সম্পূর্ণ হারায়। চরম আর্থিক সংকটের জেরে একপর্যায়ে ফ্রান্সের জাতীয় প্রতিযোগিতা থেকেও নির্বাসিত হতে হয় এককালের পরাশক্তিদের। ফরাসি ফুটবলের শীর্ষ স্তর থেকে ধস নামতে নামতে এবার ২০২৬-২৭ মৌসুমে তাদের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে দেশটির একেবারে ষষ্ঠ স্তরে।

অবশ্য নামমাত্র মূল্যে ক্লাবটি কিনে নেওয়ার পেছনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘পার্ক বেঞ্চ’-এর কাঁধে চেপেছে পাহাড়সম দায়িত্ব। ফরাসি বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন মালিকপক্ষ কেবল ১ ইউরো দিয়েই খালাস পাচ্ছে না, বরং তারা ক্লাবটির বিপুল লায়াবিলিটি বা ঋণের ভার নিজেদের কাঁধে তুলে নিচ্ছে। 

১২ বছর মেয়াদী একটি বিশেষ পুনর্গঠন পরিকল্পনার মাধ্যমে দলটির মোট ২৬ মিলিয়ন ইউরো ঋণ কমিয়ে ১৩ মিলিয়ন ইউরোতে নামিয়ে আনার প্রক্রিয়া চলছে। আগামী ২০ অক্টোবর বাণিজ্যিক আদালতের সামনে এই পুনর্গঠন পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনের জন্য হাজির হওয়ার কথা রয়েছে নতুন মালিকদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত