মাধবপুরে প্রজেক্টের মাছ লুটের অভিযোগ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ‘হাজারী ফিশারী প্রজেক্ট’-এর পুকুরের মাছ অনুমতি ছাড়া ধরে বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন প্রজেক্টের লিজগ্রহীতা সুলেমান হাজারী। এ ঘটনায় প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুর এলাকায় মিঠাপুকুর-পূর্বের জাঙ্গাল সড়কসংলগ্ন প্রজেক্টের পুকুরপাড়ে শুক্রবার (৯ অক্টোবর) এ প্রতিবাদ জানান তিনি।

সুলেমান হাজারীর অভিযোগ, তিনি স্বপন মিয়ার প্রায় ১৯৬ শতাংশের একটি পুকুর পাঁচ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তিনি ও তার ছোট ভাই জেলহাজতে থাকার সুযোগে লিজের মেয়াদ থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই পুকুরটি অন্যত্র লিজ দেওয়া হয়। পরে স্বপন মিয়ার নির্দেশে কয়েকজন ব্যক্তি পুকুরের মাছ ধরে বাজারে বিক্রি করে দেন।

এঘটনায় সুলেমান হাজারী মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

অভিযুক্ত পুকুরের মালিক স্বপন মিয়া বলেন, ‘আমি মৌখিকভাবে সুলেমান হাজারীকে পুকুরটি লিজ দিয়েছিলাম। এ বিষয়ে কোনো লিখিত ডকুমেন্ট দেওয়া হয়নি। মৌখিক লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পুকুরটি অন্যত্র লিজ দেওয়া হয়েছে।’

এবিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত