চট্টগ্রামের চন্দনাইশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় শাহজালাল বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা, প্রায় ১৬ হাজার টাকা মূল্যের ক্ষতিকর কেমিক্যাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আবাসিক মিটারের বিদ্যুৎ বাণিজ্যিক কাজে ব্যবহারের দায়ে বেকারিটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
একই অভিযানে বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশ পৌরসভা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভা সদর বাজারের শাহজালাল বেকারিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানে বেকারিটিতে খাদ্যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অ্যামোনিয়া, নিষিদ্ধ কৃত্রিম রং ও ফ্লেভার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারি কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ১৬ হাজার টাকা মূল্যের ক্ষতিকর কেমিক্যাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অভিযানে আরও দেখা যায়, বেকারিটিতে আবাসিক বিদ্যুৎ মিটার ব্যবহার করে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছিল। এ কারণে বেকারিটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অন্যদিকে, একই অভিযানে চন্দনাইশ বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে বাজারের যানজট অনেকটা কমে আসে এবং পথচারীদের চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত খাদ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। পাশাপাশি জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।