বিমানের রিয়াদগামী ২ ফ্লাইট স্থগিত

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ অবস্থায় ফ্লাইট দুটির যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

শনিবার (১০ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন কিংবা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল রবিবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে বিমান কর্তৃপক্ষ।

ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে অসুবিধার সৃষ্টি হয়েছে, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে যেতে পারবেন। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত