'প্রতিটি বেরিকেডই যন্তর মন্তর হয়ে উঠবে': অদম্য নেহা

'আমি আটক হয়েছি, আন্দোলন হয়নি। মানুষ এখন সফদরজং উড়ালপুলে জড়ো হচ্ছে। যদি পারেন, চলে আসুন। যদি আটকানো হন, যেখানে আছেন সেখানেই বসে পড়ুন এবং সারি ধরে রাখুন।' 

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ এএম

ভারতের দিল্লির আন্দোলনের কেন্দ্র যন্তর মন্তর এলাকা  পুলিশের বেরিকেডে অচল হলেও থামছে না বিক্ষোভ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) যুগপৎ  ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরার ডাকে এখন নতুন কেন্দ্র হয়ে উঠেছে দিল্লি হাট ও সফদরজং উড়ালপুল।

শনিবার (১০ অক্টোবর) আটক অবস্থা থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ভিডিও পোস্টে  আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

নেহা বলেন, দিল্লি হাটই আজ যন্তর মন্তর, দেখা হবে সেখানে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে ১৩ দশমিক ৩ কোটি ভোটার বাদ পড়ার অভিযোগে সিজেপির যন্তর মন্তর ঘেরাও কর্মসূচি পুলিশ আটকে দিলে তিনি বিকল্প জায়গার ঘোষণা দেন।

দুপুরে আইএনএ বাজার থেকে সফদরজং উড়ালপুলের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ ও দীপঙ্কর ভট্টাচার্যসহ তাকেও আটক করা হয়।

আটক অবস্থা থেকেই তিনি বলেন, 'আমি আটক হয়েছি, আন্দোলন হয়নি। মানুষ এখন সফদরজং উড়ালপুলে জড়ো হচ্ছে। যদি পারেন, চলে আসুন। যদি আটকানো হন, যেখানে আছেন সেখানেই বসে পড়ুন এবং সারি ধরে রাখুন।' 

তার এই বার্তার পর দিল্লি হাট ও সফদরজংয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যে লাল জামা পরে রাস্তায় স্লোগান দিচ্ছিলেন, সেই ভিডিও এখন আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। তার ডাকে পুলিশ যেখানেই আটকেছে, ছাত্ররা সেখানেই বসে পড়ে প্রতিটি বেরিকেডকে যন্তর মন্তর বানিয়ে দেয়।

এদিন মধ্য দিল্লিতে কড়া নিরাপত্তা ছিল। পঁয়তাল্লিশটি পাতালরেল প্রবেশপথ বন্ধ, আড়াইশোর বেশি ট্রেন বাতিল এবং যন্তর মন্তরের চারপাশে চার কিলোমিটার এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়।

সন্ধ্যায় ফোন ফেরত পেয়ে নেহা জানান, ময়দান গড়হি থানা থেকে আটক নারীদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, 'দাবি না মানা পর্যন্ত আন্দোলন থামবে না, প্রতিটি বেরিকেডই যন্তর মন্তর হয়ে উঠবে।' 

সর্বশেষ সর্বাধিক পঠিত