গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্টের বস্তাভর্তি টাকাসহ গাড়ি আটকে গুলি করে তিন কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর জেলা পুলিশ সুপার জসিম উদ্দীন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্নপুর পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা।
এদিকে গুলি করে টাকা ছিনতায়ের ১৮ ঘণ্টা পার হলেও কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, এখনো কোনো অভিযোগ পাননি পুলিশ। অন্যদিকে গুলির ঘটনায় আহত তিন বিকাশকর্মীকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
এর আগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে কর্নপুর গ্রামে বিকাশ এজেন্টের বস্তাভর্তি টাকাসহ গাড়ি আটকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই করে। পরে বীরদর্পে ছিনতাইয়ের বস্তাভর্তি টাকা নিয়ে চলে যায়।
স্থানীয়রা জানান, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ নামের একটি বিকাশ এজেন্টের ভাড়া করা প্রাইভেট কারে করে নরসিংদী থেকে মাওনার দিকে টাকা নিয়ে ফিরছিলেন এজেন্ট কর্মীরা। পথে চার থেকে পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে গুলি ছোড়ে। এতে বিকাশ এজেন্টের ম্যানেজারসহ চারজন আহত হন। তাদের মধ্যে হিমেল নামের একজন গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা টাকার দুটি বস্তা লুটে নিয়ে যায়। বিকাশ এজেন্টের দাবি সেই দুই বস্তাতে থাকা ৩ কোটি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গাজীপুরের সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, বিকাশ এজেন্ট কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, তিনটি বস্তায় ৪ কোটি টাকা ছিল। এর মধ্যে দুটি বস্তা নিয়ে গেছে দুর্বৃত্তরা। যে বস্তাটি নিতে পারেনি, সেটিতে ১ কোটি ৭০ লাখ টাকা রয়েছে।