মক্কায় দুর্ঘটনায় শেষ হলো ফয়সালের প্রবাসজীবন, অপেক্ষায় স্ত্রী-সন্তান

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

সৌদি আরবের পবিত্র মক্কায় কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার প্রবাসী ফয়সাল মিয়া (২৮)। ছয়তলা ভবনের ওপর থেকে মাথায় কাঠের তক্তা পড়ে গুরুতর আহত হওয়ার পর দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের সঙ্গে কথা বলার সময় দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই ফেরা আর হলো না।

নিহত ফয়সাল মিয়া কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামা বোয়ালিয়া এলাকার মৃত মো. চান মিয়ার ছেলে। জীবিকার তাগিদে প্রায় ১৪ বছর ধরে সৌদি আরবের মক্কায় একটি কোম্পানিতে কাজ করছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সৌদি আরবে থাকা পরিচিতজনদের মাধ্যমে ফয়সালের দুর্ঘটনার খবর পান স্বজনেরা। কর্মস্থলে ছয়তলা ভবনের ওপর থেকে একটি কাঠের তক্তা তাঁর মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁর মৃত্যুর খবর আসে পরিবারের কাছে।

ফয়সালের বড় ভাই মো. সজল মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে ফয়সাল ছিলেন সবার ছোট। দুর্ঘটনার আগের রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছিল তাঁর। এ সময় ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে ফেরার কথা জানান ফয়সাল। পরিবারের সবাইকে ঝগড়া-বিবাদ এড়িয়ে মিলেমিশে থাকার পরামর্শও দিয়েছিলেন। এরপরই কাজে চলে যান তিনি। আগামী মাসের ৬ তারিখে ফয়সালের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো না। দেশে ফিরতে হচ্ছে তাঁকে নিথর দেহে। ফয়সালের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তাঁরা এখন দিশেহারা।

তিনি আরও বলেন, ফয়সালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তাঁরা। পাশাপাশি তার মা, স্ত্রী ও সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আর্থিক সহায়তারও দাবি জানান।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ ও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। তবে মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা মরদেহের অবস্থা ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

১৪ বছর প্রবাসে কাটিয়ে পরিবারের কাছে ফেরার স্বপ্ন দেখছিলেন ফয়সাল। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজনদের সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে গভীর শোক আর অনিশ্চয়তায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত