দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ডে-অফ প্রত্যাহার

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (ডে-অফ) প্রত্যাহার করা হয়েছে। ঘরমুখী যাত্রীদের চাপ সামলানো এবং তাদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-ঢাকা রুটে ২০ অক্টোবর চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে টুরিস্ট স্পেশাল-১ ও ২। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

এ ছাড়া পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের ডে-অফ প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবরের, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবরের এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের ডে-অফও প্রত্যাহার করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করা হবে।

ট্রেনের সময়সূচি বিপর্যয় এড়ানো ও সময়ানুবর্তিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ জংশন, স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি রেলপথ ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে প্যাট্রোলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্ঘটনাস্থলে দ্রুত পাঠানোর জন্য রিলিফ ট্রেনগুলোও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান প্রধান স্টেশনে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে। ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থাও নিশ্চিত করা হবে।

চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও দপ্তরপ্রধান, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত