সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত ৯ টার পর এ হামলায় বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। তবে হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর আল জাজিরা'র।
এর আগে শনিবার একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। ওই ঘটনার এক দিন পরই নতুন করে হামলার খবর পাওয়া গেল।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাত দিয়ে জানা গেছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে একটি অস্ত্র আঘাত হানলে আগুনের সূত্রপাত হয়। তবে সেটি ক্ষেপণাস্ত্র, নাকি ড্রোন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলেও জানিয়েছে জোটটি।
শনিবার বিকেলে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় আরও চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার আনুমানিক বেলা ৩টা ২০ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সে সময় সেখানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের যাত্রীরা অবস্থান করছিলেন।
নিহত দুই বাংলাদেশি হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি।