দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দোহা।
এ মামলায় গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তাকে আরও চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। একই মামলায় গত ৩০ সেপ্টেম্বর গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পান।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন।