জুরাইনে অটোচালক জনি হত্যায় গ্রেপ্তার ২

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ এএম

রাজধানীর জুরাইনে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. জনিকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মেহেদী হাসান বাপ্পি ও নুরুল আলম বারেক।

গতকাল রবিবার পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের দুজনকে আদালতে পাঠানোর তথ্য জানিয়েছে। এতে বলা হয়, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি মুঠোফোন ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনি গত ২৯ আগস্ট রাত ১টার দিকে বাসা থেকে বের হন। ভোর ৫টার দিকে জুরাইনের মোক্তার হোসেন সড়কে ইয়াছিন হাজির বাড়ির সামনে তাকে বুকের বাম পাশে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে টহল পুলিশ। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জনির মা ডালিয়া বেগম ১ সেপ্টেম্বর কদমতলী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলাটির ছায়াতদন্ত শেষে ৯ সেপ্টেম্বর তদন্তের দায়িত্ব নেয় পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ। পিবিআই তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই আসামিকে শনাক্ত করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত