পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তি আহত

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম

চট্টগ্রামের পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০)। সোমবার (১২ অক্টোবর) সকালে পটিয়া রেলস্টেশনের অদূরে আমিরভান্ডার লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে পটিয়া স্টেশন দিয়ে প্রবাল এক্সপ্রেস, সৈকত এক্সপ্রেস ও একটি তেলবাহী ট্রেন চলাচল করে। এ ছাড়া আজ সোমবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি পটিয়া অতিক্রম করে। ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরে চলাচলকারী এসব ট্রেনের কোনো একটি থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে ওই ব্যক্তি আহত হয়েছেন। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার সকাল থেকে দুর্ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। সকাল ১০টার দিকে বিষয়টি জানতে পারেন পটিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. ইউনুচ। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।   

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী স্টেশনমাস্টার মো. ইউনুচ বলেন, আমিরভান্ডার লেভেল ক্রসিং এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির পড়ে থাকার খবর পেয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন, নাকি ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার লিটন চৌধুরী জানান, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত