ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে ছয় উইকেট। ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ড নৈপুণ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন শেখ মেহেদী হাসান। জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর বিপক্ষে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের পরও তার ভাবনায় নতুন কিছু আবিষ্কারের চেয়ে বড় হয়ে উঠেছে লাল বলের ক্রিকেটে নিজেকে মেলে ধরার আনন্দ। সেই সঙ্গে দীর্ঘদিনের স্বপ্ন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স দেখে অনুপ্রাণিত মেহেদীও স্বপ্ন দেখছেন সাদা পোশাকে দেশের হয়ে মাঠে নামার।
মিরপুরে রাজশাহীর বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে বল হাতে ছয় উইকেট নেওয়ার পর ব্যাট হাতে আট নম্বরে নেমে ১০৪ রানের ইনিংস খেলেন মেহেদী। তার এমন পারফরম্যান্স দলকে ভালো অবস্থানে নেওয়ার পাশাপাশি আবারও সামনে এনেছে অলরাউন্ডার হিসেবে তার টেস্ট খেলার সামর্থ্যর বিষয়টি। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগেও সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তার। ফলে এবারের সাফল্যকে একেবারে নতুন কিছু হিসেবে দেখছেন না তিনি। বরং ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অবদান রাখতে পারার তৃপ্তিটাই তার কাছে বড়।
আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী বলেন, 'আপনি যদি আমার প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ড দেখেন, আমি অবশ্যই এই জায়গাটা (লাল বলের ক্রিকেট) উপভোগ করি। উপভোগ না করলে তো আসলে খেলা হয় না। পাঁচ উইকেট নিতেও ভালো লাগে, ১০০ রান করতেও ভালো লাগে। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব ভাইকে এমন পারফর্ম করতে দেখেছি। ঘরোয়া ক্রিকেটে নিজেও এ রকম করতে পারলে ভালো লাগে।'
সাকিবের মতো ব্যাট ও বল হাতে দলের প্রয়োজনে অবদান রাখার আনন্দই মেহেদীর কাছে বিশেষ। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের এমন পারফরম্যান্স দেখেই অলরাউন্ডার হিসেবে নিজের সাফল্যকে মূল্যায়ন করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে একই ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে কার্যকর ভূমিকা রাখতে পারলে সেই ভালো লাগা আরও বেড়ে যায়। রাজশাহীর বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সেও তার প্রতিফলন দেখা গেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক মেহেদীর। পরবর্তী সময়ে ওয়ানডেতেও দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আট বছরের বেশি সময় পার করেও এখনো টেস্ট খেলা হয়নি তার। সাদা পোশাকে বাংলাদেশের হয়ে খেলার আকাঙ্ক্ষা এখনো প্রবল। টেস্ট ক্রিকেটকে নিজের স্বপ্ন উল্লেখ করে মেহেদী বলেন, 'টেস্ট ক্রিকেট তো স্বপ্ন। সব সময় টেস্ট ক্রিকেটের জার্সি পরার জন্য সব আন্তর্জাতিক খেলোয়াড় মুখিয়ে থাকে। আমারও বেশ কয়েকবার সুযোগ এসেছিল। হয়তো তখন আমি খুবই দুর্ভাগা ছিলাম, নিজেও ফিট ছিলাম না। কিন্তু এখন যদি সেই সুযোগ আসে, ইনশাআল্লাহ নতুন করে স্বপ্ন দেখা শুরু করব।'
'মেসি নিজেকে কী মনে করে', সাবেক বার্সা প্রধানের সমালোচনা